মাত্র দুই মাসের ব্যবধানে ভারতীয় নৌবাহিনী ব্রিটেন, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, জাপান এবং রাশিয়ার দূরপ্রাচ্য উপকূলের কাছাকাছি এলাকায় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

বিশ্লেষকদের মতে, এত ঘনঘন মহড়া বিশ্বমঞ্চে ভারতের বৃহত্তর সামুদ্রিক ভূমিকা পালনের আকাঙ্ক্ষাকেই নির্দেশ করে। তবে এটি একই সঙ্গে কিছু প্রশ্নও তুলে ধরে—যে নৌবাহিনীতে বর্তমানে সাবমেরিনের ঘাটতি রয়েছে এবং যারা নিজেদের সক্ষমতা বাড়াতে হিমশিম খাচ্ছে, তারা কি ভারতের নিজস্ব জলসীমা রক্ষার পাশাপাশি এমন বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম?

সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ৬০ দিনেরও কম সময়ের মধ্যে ভারতীয় যুদ্ধজাহাজগুলো ১১টি সামরিক মহড়ায় অংশ নিয়েছে।

ভারতীয় কর্মকর্তাদের মতে, পশ্চিম প্রশান্ত মহাসাগর, ভূমধ্যসাগর, উত্তর ও দক্ষিণ আটলান্টিক এবং ভারত মহাসাগর—এই বিশাল এলাকা জুড়ে একই সময়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা ভারতের নৌবাহিনীর কর্মদক্ষতা, লজিস্টিক সক্ষমতা ও সহনশীলতার প্রমাণ দেয়। এটি একই সঙ্গে নয়াদিল্লির ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ নীতি এবং তাদের বৈশ্বিক সামুদ্রিক দৃষ্টিভঙ্গি ও নিরাপত্তা মতবাদ—যা ‘মহাসাগর’ নামে পরিচিত—তারই প্রতিফলন।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর দক্ষিণ ও মধ্য এশীয় প্রতিরক্ষা বিষয়ক সিনিয়র ফেলো আন্তোয়ান লেভেস্ক বলেন, “সামরিক মহড়া ও বিভিন্ন অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি ভারতের ‘বহুমুখী জোট’ পররাষ্ট্রনীতির একটি হাতিয়ার। এর মাধ্যমে তারা অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশি রাজনৈতিক ও সামরিক বার্তা প্রদানের ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করছে।”

সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং এশিয়া-প্যাসিফিক লিডারশিপ নেটওয়ার্কের পলিসি ফেলো ডংগুন লি-এর মতে, ভারতের এত বেশি মহড়ায় অংশগ্রহণের বিষয়টিকে “এক ধরনের কূটনৈতিক কৌশল” হিসেবেও দেখা যেতে পারে।

ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কমলেশ কে. অগ্নিহোত্রী, যিনি বর্তমানে দিল্লির ‘ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশন’-এ জ্যেষ্ঠ ফেলো হিসেবে কর্মরত, তিনি জানান যে, ‘মালাবার’ বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রতি দুই বছর অন্তর আয়োজিত ‘রিম অফ দ্য প্যাসিফিক এক্সারসাইজ’ -এর মতো বহুজাতিক মহড়াগুলো এক ধরনের প্রতিরোধমূলক  প্রভাবও ফেলে।

বর্তমানে ভারতের নৌবহরে রয়েছে দুটি বিমানবাহী রণতরি, ১৩টি ডেস্ট্রয়ার, প্রায় ২০টি সক্রিয় ফ্রিগেট এবং ২০টিরও বেশি ছোট করভেট—পাশাপাশি রয়েছে আরও কয়েক ডজন সহায়ক ও সাপোর্ট জাহাজ। এই নৌবাহিনীতে ৬৭ হাজারেরও বেশি সক্রিয় কর্মী কর্মরত আছেন।

২০৩৫ সালের মধ্যে ভারত ২০০টি জাহাজের একটি নৌবাহিনী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে প্রায় ৫০টি জাহাজ ও সাবমেরিন তৈরির প্রক্রিয়ায় রয়েছে, যার সিংহভাগই ভারতের নিজস্ব শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাবমেরিনের অপর্যাপ্ততা, পুরোনো জাহাজ এবং জাহাজ নির্মাণে বিলম্ব—এই বিষয়গুলো নৌবাহিনীর অগ্রগতির পথে প্রধান বাধা।

নৌবাহিনীর প্রবীণ কর্মকর্তা অগ্নিহোত্রীর মতে, একটি “ব্লু-ওয়াটার” নৌবাহিনী (যা নিজ উপকূল থেকে অনেক দূরেও কার্যক্রম চালাতে সক্ষম) হিসেবে ভারতের নৌবহরের প্রায় দুই-তৃতীয়াংশ সবসময় দীর্ঘমেয়াদী অভিযানের জন্য প্রস্তুত রাখা হয়।

তিনি জানান, ভারত মহাসাগরের বাইরে কখনোই তিন-চারটির বেশি জাহাজ মোতায়েন করা হয় না—এবং তাও কেবল তখনই করা হয়, যখন নিজ এলাকায় “প্রয়োজনীয় সামরিক শক্তির মাত্রা” নিশ্চিত করা থাকে।

অগ্নিহোত্রী বলেন, “সুতরাং, ভারতের জলসীমার কাছাকাছি যদি কোনো বড় সংকট দেখা দেয়, তবে বিদ্যমান সামরিক শক্তি তা কার্যকরভাবে মোকাবিলা করার জন্য যথেষ্ট হওয়া উচিত।”

ভারতের সাম্প্রতিক সামরিক মহড়াগুলোর কোনোটিতেই তাদের বহরে থাকা দুটি বিমানবাহী রণতরিকে যুক্ত করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অধিকাংশ কার্যক্রম পরিচালনা করেছে শিবালিক-শ্রেণির স্টিলথ ফ্রিগেট ‘আইএনএস সহ্যাদ্রি’, আর ইউরোপে মোতায়েন করা হয়েছে তলওয়ার-শ্রেণির রণতরি ‘আইএনএস ত্রিশূল’ -কে। সব মিলিয়ে প্রায় ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছিল বলে জানা গেছে।

ভারতের অনেক পুরোনো যুদ্ধজাহাজ ও সাবমেরিন রাশিয়ার তৈরি, তাই সেগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশের নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের  মতে, ভারত মহাসাগরে চীনের নৌ-কার্যকলাপকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে ভারতের সক্ষমতার পথে “সম্ভবত সবচেয়ে বড় বাধা” হলো তাদের দ্রুতগতিতে সক্ষমতা বৃদ্ধির লড়াই—যা কেবল ইউরোপে কয়েক সপ্তাহ কোনো ফ্রিগেট মোতায়েন করার চেয়ে অনেক বেশি জটিল বিষয়।

তাদের মতে, কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, বিশেষ করে সাবমেরিনের সংখ্যা বা সক্ষমতার দিক থেকে সীমাবদ্ধতা রয়েছে, যা বেশ কিছুদিন ধরেই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

সাউথ চায়না মর্নিং পোস্ট, ইংরেজি থেকে অনুবাদ