পাকিস্তান মঙ্গলবার (৬ অক্টোবর) নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উন্নত এভিওনিক্স এবং অত্যাধুনিক নেভিগেশন বা দিকনির্ণয় ব্যবস্থায় সজ্জিত এই অস্ত্র অত্যন্ত নির্ভুল ও বিধ্বংসী ক্ষমতার সাথে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এতে আরও বলা হয়, এই পরীক্ষার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা বৃদ্ধি এবং টিকে থাকার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে যুক্ত করা বিভিন্ন সাব-সিস্টেমের অতিরিক্ত কারিগরি বৈশিষ্ট্যগুলোও যাচাই করা হয়েছে।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ক্ষেপণাস্ত্রটি প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই উৎক্ষেপণ কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।

প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও চিফ অফ ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং বিভিন্ন বাহিনীর প্রধানরা ‘ফাতাহ-৪’-এর বর্ধিত সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রশংসা করেছেন।

এর আগে চলতি বছরের মে মাসে ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক ফায়ারিং বা উৎক্ষেপণ সম্পন্ন হয়েছিল।

গত ২৮ এপ্রিল আর্মি রকেট ফোর্স কমান্ড নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ করে।

এর এক সপ্তাহ আগে, পাকিস্তান নৌবাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য) জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তাইমুর’-এর সরাসরি উৎক্ষেপণ পরীক্ষা চালায়।

জিও নিউজ