বন্যাবিধ্বস্ত নেপালে এ বার ভয়াবহ তুষারধস। রবিবার নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে ৭,১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল পর্বতে এই তুষারধসের  ঘটনা ঘটেছে। ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন নেপাল’-এর সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী এই ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এই ধসে ১০ জন পর্বতারোহীর খোঁজ পাওয়া যায়নি।

নেপালের পর্যটন দপ্তর জানিয়েছে পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। ডিরেক্টর জেনারেল রামকৃষ্ণ লামিছানে জানিয়েছেন, নিখোঁজদের বিষয়ে আরও তথ্য জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জোরকদমে চলছে তাঁদের উদ্ধারের চেষ্টা।

এই তুষারধস এমন সময়ে ঘটেছে, যখন নেপাল এমনিতেই আকস্মিক বন্যায় বিধ্বস্ত। এছাড়া বেশ কয়েকদিন ধরে নেপালের পার্বত্য এলাকাগুলিতে একটানা বৃষ্টি ও তুষারপাত চলছে। গত কয়েক দিন ধরে খারাপ আবহাওয়ার জেরে উচ্চ পার্বত্য এলাকায় তুষারধস ও তুষারপাতের ঝুঁকিও বেড়েছে।

দ্য হিমালায়ন টাইমস জানায়, নেপাল সরকারের তরফে আগে থেকেই খারাপ আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বেশিরভাগ পর্বতারোহীদের জানানোও হয়েছিল। তার পরেও এই ঘটনা। উল্লেখ্য, হিমলুং হিমাল পর্বতারোহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রতি বছর বহু পর্যটক এখানে আসেন। এর উচ্চতা ৭,১২৬ মিটার এবং বেস ক্যাম্প প্রায় ৪,৯০০ মিটার উচ্চতায় অবস্থিত।

গত ২৬ অগস্ট ভোটকোশি ও ত্রিশূলীর হড়পা বানে তছনছ হয়ে গিয়েছিল রাসুয়া, নুয়াকোট-সহ একাধিক এলাকা। সেই উদ্ধারকাজ এখনও চলছে। এর মধ্যে ফের এই তুষারধস আরও একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিল নেপালকে।