তুর্কি প্রতিরক্ষা কোম্পানি ‘পাসিফিক টেকনোলজি’-এর কাছ থেকে ১ লাখ ‘মেরকুট’ ফার্স্ট- পারসন ভিউ ড্রোন ও বেশ কিছু চালকবিহীন সামরিক সরঞ্জাম কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। এনআরটিসি  কর্পোরেশনের সঙ্গে তিন বছর মেয়াদী একটি চুক্তির আওতায় এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে। ইউএলইউসাভুনমা ও ‘ডিফেন্স ব্লগ’-এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  

একটি কাঠামোগত চুক্তির অধীনে সরঞ্জামগুলোর পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর এই চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় পাকিস্তান সেনাবাহিনী পাবে ১০টি ‘আলপিন’ চালকবিহীন হেলিকপ্টার, ২৫টি ‘দুমরুল’ মিনি-হেলিকপ্টার, ৫০০টি ‘দেলি’ লোইটারিং মিউনিশন (এক ধরনের আত্মঘাতী ড্রোন) এবং ২৫০টি ‘কোরগান’ গ্রাউন্ড সিস্টেম।

চুক্তিতে সরঞ্জামগুলোর সরবরাহ, বিক্রয় ও বিতরণের পাশাপাশি পাকিস্তানেই সেগুলোর সংযোজন (অ্যাসেম্বলি) ও উৎপাদনের ব্যবস্থাও অন্তর্ভুক্ত রয়েছে।

‘মেরকুট’ এফপিভি ড্রোন একটানা ২০ থেকে ৩০ মিনিট উড়তে পারে এবং এর কার্যকর পাল্লা (অপারেশনাল রেঞ্জ) ৮ কিলোমিটার পর্যন্ত। এর ওয়ারহেডে ৩ মিলিমিটার ব্যাসের ১,০০০টি স্টিলের বল থাকে এবং বিস্ফোরণের সময় এটি ২০ মিটার পর্যন্ত এলাকায় আঘাত হানতে সক্ষম।

‘আলপিন’ চালকবিহীন হেলিকপ্টারটি জ্বালানিসহ ২০০ কেজি পর্যন্ত ভার বহন করতে পারে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে পূর্বনির্ধারিত মিশন সম্পন্ন করতে সক্ষম। দিন-রাত সার্বক্ষণিক নজরদারির জন্য এতে থার্মাল ইমেজিং সিস্টেম এবং নাইট-ভিশন ক্যামেরা যুক্ত রয়েছে।

‘দুমরুল’ইলেকট্রিক মিনি-হেলিকপ্টারটি স্বল্প দূরত্বের গোয়েন্দা নজরদারি ও আক্রমণাত্মক অভিযানের জন্য তৈরি করা হয়েছে। এটি চলার সময় খুব কম শব্দ উৎপন্ন করে, ফলে শত্রুপক্ষের নজরে পড়ার সম্ভাবনা কমে যায়। এছাড়া, এটি প্রায় ১২০ মিনিট পর্যন্ত আকাশে উড়তে পারে, যা দীর্ঘ সময় ধরে লক্ষ্যবস্তুকে অনুসরণ করার সুযোগ দেয়।

এই চুক্তিটি তুরস্ক ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন সংযোজন। এর আগে, তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ উৎপাদনের লক্ষ্যে উভয় দেশ যৌথভাবে একটি বিমান নির্মাণ কারখানা স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছিল।

টাইমস অব ইন্ডিয়া