মণিপুরের উখরুল জেলায় শুক্রবার (১৩ নভেম্বর) অতর্কিত হামলায় নাগা সম্প্রদায়ের চার ব্যক্তি নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে চলমান সহিংসতার সর্বশেষ ঘটনা এটি।

নিহত চারজন ইম্ফলের দিকে যাচ্ছিলেন, এমন সময় এনএইচ-২০২ সড়কে সশস্ত্র ব্যক্তিরা তাঁদের গাড়িতে হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় পাওয়া গেছে—তাঁরা হলেন সাংশাক গ্রামের কাপাংখুই আরএস ও হাওলেইলা, এবং তাশার গ্রামের অগাস্ট এনগালুং ও খানমিলা কেইশিং। তাঁরা দুটি আলাদা গাড়িতে করে যাওয়ার সময় নিউ হেভেন গ্রামের কাছে সশস্ত্র ব্যক্তিদের হামলার শিকার হন।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, “অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে; ধারণা করা হচ্ছে, তারা কুকি জঙ্গিগোষ্ঠীর সদস্য। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে।”

কোনো কুকি সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০২৩ সালের মে মাস থেকে মণিপুর সহিংসতায় জর্জরিত। সে সময় সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায় এবং উপজাতি কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত শুরু হয়। এরপর থেকে রাজ্যের প্রায় প্রতিটি সম্প্রদায়ই এই সহিংসতার কবলে পড়েছে। এর ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, জাতিগত ভিত্তিতে আলাদা এলাকা (এনক্লেভ) তৈরি হয়েছে, প্রায় ৩৭০ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৬৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। রাজ্যটি কার্যত জাতিগত বিভাজনের ভিত্তিতে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

নাগা ও কুকি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সহিংসতার একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। উভয় পক্ষের মানুষ একে অপরের গ্রামে হামলা চালাচ্ছে, অতর্কিত আক্রমণ করছে, এমনকি মৃতদেহ বিকৃত করার মতো ঘটনাও ঘটছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার মণিপুরের সেনাপতি জেলায় ধানক্ষেতে কাজ করার সময় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা কৃষকদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হন এবং আরও দুজন আহত হন।

অন্য একটি ঘটনায়, উখরুলে গোলাগুলির ঘটনায় নাগা সম্প্রদায়ের ৫২ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।

হিন্দুস্তান টাইমস