চলতি মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সিভিলাইজেশনাল ডায়াল ‘-এ একজন মন্ত্রীকে পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান।

২০২৫ সালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে চার দিনব্যাপী সংঘাতের পর এটিই হবে প্রথম কোনো পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর।

শনিবার (১৪ নভেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ থেকে ২২ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এসসিও ডায়ালগে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক।

২০২৩ সালের মে মাসে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর, এটিই হবে কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর।

পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে গভীর অবিশ্বাসের সম্পর্ক রয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে কাশ্মীর অঞ্চল—যা উভয় দেশই নিজেদের বলে দাবি করে—তাকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে একাধিক যুদ্ধ হয়েছে।

২০২৫ সালের মে মাসে কাশ্মীরে সশস্ত্র বন্দুকধারীদের হাতে দুই ডজনেরও বেশি পর্যটক (যাদের অধিকাংশই হিন্দু) নিহত হওয়ার পর দেশ দুটির মধ্যে চার দিনব্যাপী ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে।

নয়াদিল্লি এই হামলার পেছনে ইসলামাবাদের মদদ থাকার অভিযোগ তুলেছে, তবে পাকিস্তান জোরালোভাবে তা অস্বীকার করেছে।

এই হামলার জেরে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, দুই পক্ষ একে অপরের ওপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করে, যার ফলে ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “পাকিস্তান সরকার পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এসসিও কাঠামোর আওতায় বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ উৎসাহিত করতে এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এএফপি