মিয়ানমারের সামরিক অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বুধবার (১৮ নভেম্বর) বলেছেন, ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটির দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তার প্রশাসন আসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)-এর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে।

নেপিদোতে সামরিক নিয়ন্ত্রিত পার্লামেন্টে তিন ঘণ্টা দীর্ঘ এক ভাষণে তিনি মিয়ানমারের বিষয়ে জোটটির নেওয়া অবস্থানকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেন। উল্লেখ্য, এই জোটের নেতারা চলতি সপ্তাহে ম্যানিলায় মিলিত হয়েছিলেন।

তিনি বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে আমরা কিছু অযৌক্তিক বিবৃতি দেখেছি... আমি বলতে চাই যে, আসিয়ানের সঙ্গে আমাদের ভবিষ্যৎ সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া হবে, তা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছি।”

ফিলিপাইনের রাজধানীতে অনুষ্ঠিত ৪৯তম আঞ্চলিক শীর্ষ সম্মেলনে আসিয়ান নেতারা মিয়ানমারের সামরিক জান্তার শীর্ষ ব্যক্তিদের জোটের সম্মেলনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। এর কারণ হিসেবে তারা ‘ফাইভ-পয়েন্ট কনসেনসাস’ (৫-দফা ঐকমত্য) বা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ‘পর্যাপ্ত অগ্রগতির অভাব’-কে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে নেতারা পুনরায় নিশ্চিত করেছেন যে, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানের ক্ষেত্রে এই ঐকমত্যই তাদের প্রধান ভিত্তি হিসেবে গণ্য হবে। একই সঙ্গে তারা দেশটির সঙ্গে যোগাযোগ বজায় রাখার বিষয়েও সম্মত হয়েছেন। এই সম্মেলনে মিয়ানমারের প্রতিনিধিত্ব করেছেন কেবল একজন অরাজনৈতিক প্রতিনিধি—হান উইন অং, যিনি জান্তা সরকারের আসিয়ান বিষয়ক বিভাগের মহাপরিচালক।

২০২১ সালের এপ্রিলে আসিয়ান ‘ফাইভ-পয়েন্ট কনসেনসাস’ গ্রহণ করেছিল, যেখানে অবিলম্বে সহিংসতা বন্ধ এবং সব পক্ষের মধ্যে আলোচনার আহ্বান জানানো হয়েছিল। তবে জান্তা সরকার এই চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হয় এবং পরবর্তীতে তা প্রত্যাখ্যান করে।

বুধবার মিন অং হ্লাইং আবারও দাবি করেন যে, তিনি কখনোই এই ঐকমত্যে সম্মত হননি। তিনি আসিয়ানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার দীর্ঘদিনের নীতি থেকে তারা বেছে বেছে সরে আসছে।

দ্য ইরাবতি