শ্রীলঙ্কার একটি জনাকীর্ণ কারাগারে দাঙ্গা নিয়ন্ত্রণে সরকার রবিবার (২ আগস্ট) শত শত সেনা ও এলিট কমান্ডো মোতায়েন করেছে। দাঙ্গায় একজন বন্দি নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন।

পুলিশের ডেপুটি ইন্সপেক্টর-জেনারেল সঞ্জীবা মেদাওয়াত্তে বলেছেন, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মাহারা কারাগারে বন্দিরা শনিবার একাধিক ভবন ধ্বংস করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

কারাগারের বাইরে সাংবাদিকদের মেদাওয়াত্তে বলেন, “শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং বন্দিদের তাদের সেলে ফেরত পাঠাতে সশস্ত্র বাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্স কমান্ডো মোতায়েন করা হয়েছে।

২০২০ সালের নভেম্বরে, এই কারাগারে দাঙ্গায় ১১ জন বন্দিকে গুলি করে হত্যা করা হয় এবং প্রায় ১২০ জন আহত হন।

একই অঞ্চলে আরেকটি কারাগারের দাঙ্গার প্রায় এক মাস পর এই সর্বশেষ অস্থিরতার ঘটনা ঘটল, যেখানে ১০ জন রক্ষী এবং ২১ জন বন্দি নিহত হয়েছিলেন।

এএফপি