বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ী আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

আবাসিক প্রতিনিধি হিসেবে স্টিভেন রড্রিগেস বাংলাদেশে ইউএনডিপির সব কার্যক্রমে নেতৃত্ব দেবেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা করবেন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ-সহনশীলতা জোরদার করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বাড়াতে তিনি বাংলাদেশ সরকার, উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্টিভেন রড্রিগেস বলেন, ‘ইউএনডিপির মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং আমাদের উন্নয়ন অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তার ভিত্তিতে নতুন, টেকসই অন্তর্ভুক্তিমূলক সমাধান গড়ে তুলতে আমি আগ্রহী, যা সরাসরি মানুষের কল্যাণে ভূমিকা রাখবে।

জ্যামাইকার নাগরিক স্টিভেন রড্রিগেসের আন্তর্জাতিক উন্নয়ন সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে যোগদানের আগে তিনি আফগানিস্তান, লাইবেরিয়া রুয়ান্ডায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি এবং ইন্দোনেশিয়ায় ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ইউএনডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তিনি দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে যোগদানের আগে স্টিভেন জ্যামাইকা সরকারের বিভিন্ন নীতি নির্ধারণী পদে নিয়োজিত ছিলেন এবং দেশটির জনপ্রশাসন জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাসস