যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ২৫টি বিমান কেনার চুক্তি স্বাক্ষরের অল্প সময়ের মধ্যেই সরকার এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে আরও ১০টি বিমান কিনতে যাচ্ছে। আগামী অক্টোবরেই এয়ারবাসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি কবে হতে পারে জানতে চাইলে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘আমরা এয়ারবাস কিনছি ১০টি, ইনশাআল্লাহ অক্টোবরেই চুক্তি হয়ে যাবে।’

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৭টি সচল রয়েছে। বাকি দুটির একটি বা দুটি আগামী বছর কিংবা পরবর্তী বছরে বন্ধ (গ্রাউন্ডেড) রাখতে হতে পারে।

এর আগে বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, এই চুক্তি স্বাক্ষর করলেই এখনই উড়োজাহাজগুলো দেশে আসছে না। চুক্তি অনুযায়ী প্রথম বোয়িং উড়োজাহাজটি ২০৩১ সালে আসবে। তবে ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ দেওয়ার জন্য বোয়িংকে অনুরোধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ২৫টি বোয়িং উড়োজাহাজ পর্যায়ক্রমে ২০৩৫-৩৭ সাল পর্যন্ত দেশে আসবে। একটি করে উড়োজাহাজ বুঝে নেওয়ার পর অর্থ পরিশোধ করা হবে। ফলে চুক্তির পুরো অর্থ এখনই পরিশোধ করতে হবে না।

বিমানমন্ত্রী বলেন, এখন আপাতত আমাদের কোনো টাকা দেওয়া লাগছে না। আমরা গ্যারান্টি দিচ্ছি, তারা একটি করে উড়োজাহাজ দেবে, তারপর আমরা টাকা দেব। এই টাকাগুলো আশা করি আমাদের ফ্লাইটের আয় থেকেই আমরা দিতে পারব।

২৫ বোয়িংয়ে ব্যয় ৬.৪ বিলিয়ন ডলার

২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার ব্যয় সম্পর্কে তিনি বলেন, এর আগে ১৪টি বোয়িংয়ের চুক্তির মূল্য ছিল ৩ দশমিক ৭ বিলিয়ন ডলার। নতুন ১১টির জন্য প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার লাগবে। সব মিলিয়ে ২৫টি বোয়িংয়ের জন্য প্রায় ৬ দশমিক ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে।

নতুন ১১টি বোয়িংয়ের দাম আগের চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

নতুন উড়োজাহাজ না আসা পর্যন্ত লিজ

নতুন কেনা উড়োজাহাজগুলো হাতে পেতে কয়েক বছর সময় লাগবে। এ সময় বিমানের বহর বাড়াতে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, নতুন প্লেন না আসা পর্যন্ত আমরা অন্তত ১০টি এয়ারক্রাফট লিজ নেব।

লিজ নেওয়ার প্রক্রিয়া চলমান জানিয়ে তিনি বলেন, এ জন্য একটি কমিটি করা হয়েছে। অর্থ সচিবের নেতৃত্বে করা ওই কমিটিতে সংশ্লিষ্ট সব অংশীজনকে রাখা হয়েছে। স্বচ্ছতার মাধ্যমে উড়োজাহাজ লিজ নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে আরও দুজনকে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্ত্রী জানান, লিজের মাধ্যমে বহর বাড়িয়ে বিমান চলাচল খাতের উন্নত করতে চায় সরকার।

ইউএনবি