প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ ও ‘দা ছিং’ পরিদর্শন করেছেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর এবং চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী
জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। বিজ্ঞপ্তিতে
বলা হয়, জাহাজ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনের নৌবাহিনীর
জাহাজ দুটির বিভিন্ন অংশে যান। তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম ও
নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয়সহ অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি
জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন। তাঁদের মধ্যে
বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা,
পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আঞ্চলিক
সামুদ্রিক সহযোগিতা জোরদার এবং সামরিক প্রশিক্ষণ ও নৌ-সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও
গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার
চীনের নৌবাহিনীর জাহাজ থাং শান, দা ছিং ও থাই হু পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম
বন্দরে পৌঁছায়। এ সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা
বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
একই সঙ্গে এ
ধরনের সফর ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং
বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা
করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তা ছাড়া চীনা নৌবাহিনী জাহাজ বাংলাদেশের জলসীমা ত্যাগকালে
যৌথ মহড়া পাসএক্সে অংশ নেবে।
আইএসপিআর