ভুটান সরকার অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীদের জন্য একটি বিশেষ দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে। এর উদ্দেশ্য হলো, তারা যেন উদ্যোক্তা হওয়া, পরামর্শ প্রদান, মেন্টরশিপ বা পরামর্শদাতা হিসেবে কাজ করা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থনৈতিকভাবে সক্রিয় থাকতে পারেন।
বৃহস্পতিবার
(১৯ নভেম্বর) পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে
প্রধানমন্ত্রী শেরিং তোবগে এই ঘোষণা দেন।
এই উদ্যোগের লক্ষ্য হলো, সরকারি কর্মচারীরা
যেন অবসরের পরেও তাদের পেশাগত
জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে
অবদান রাখা অব্যাহত রাখতে
পারেন।
‘ন্যাশনাল
হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্ল্যান’ (জাতীয় মানব পুঁজি উন্নয়ন
পরিকল্পনা)-এর আওতায় বয়স্ক
নাগরিকদের নতুন দক্ষতা প্রদান
ও পুনরায় কর্মে যুক্ত করার বিষয়টি অগ্রাধিকার
পেয়েছে। এই পরিকল্পনায় ‘২১শ
শতাব্দীর অর্থনৈতিক রোডম্যাপ’-এর অধীনে আটটি
অর্থনৈতিক খাতে বিভিন্ন সুযোগ
চিহ্নিত করা হয়েছে।
ভুটানে
২০২৭ সালের মধ্যে বয়স্ক মানুষের সংখ্যাধিক্যপূর্ণ সমাজ (aging society) গড়ে ওঠার সম্ভাবনা
রয়েছে; তখন মোট জনসংখ্যার
৭.২ শতাংশের বয়স
হবে ৬৫ বছর বা
তার বেশি। ২০৪৭ সাল নাগাদ
এই হার বেড়ে ১৩.৪ শতাংশে পৌঁছাতে
পারে, যা একটি ‘বয়স্ক
সমাজ’ হিসেবে গণ্য হওয়ার ১৪
শতাংশ সীমার কাছাকাছি।
প্রধানমন্ত্রী
ব্যাখ্যা করেন যে, ভুটানের
জনসংখ্যা কাঠামোর এই পরিবর্তনের পেছনে
প্রধান কারণগুলো হলো—গড় আয়ু
বৃদ্ধি, জন্মহার হ্রাস এবং বিদেশে অভিবাসন।
ভুটানের
রাজাদের নেতৃত্বে কয়েক দশক ধরে
বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পুষ্টি, বিশুদ্ধ পানি ও শিক্ষার
ক্ষেত্রে বিনিয়োগের ফলে মানুষের গড়
আয়ু ২০০৫ সালের ৬৬
বছর থেকে বেড়ে ৭৪
বছরে দাঁড়িয়েছে।
একই
সময়ে, মোট জন্মহার ১৯৯৪
সালে প্রতি নারীর বিপরীতে ৫.৬ সন্তান
থেকে কমে ২০০৫ সালে
২.৫-এ নেমে
আসে এবং ২০১৭ সালে
তা আরও কমে ১.৭-এ দাঁড়ায়,
যা প্রতি নারীর বিপরীতে ২.১ সন্তানের
‘প্রতিস্থাপন হার’ (replacement level)-এর চেয়েও কম।
এছাড়া,
নিবন্ধিত বার্ষিক জন্মের সংখ্যা ২০১৫ সালের ১১,০০১টি থেকে কমে ২০২৫
সালে ৮,১৫৩টিতে নেমে
এসেছে, যা প্রায় ২৬
শতাংশ হ্রাস নির্দেশ করে।
প্রধানমন্ত্রী
জানান, বিদেশে অভিবাসনের প্রবণতাও জনসংখ্যা কাঠামোর এই পরিবর্তনের পেছনে
ভূমিকা রেখেছে। ২০২৬ সালের মে
মাস পর্যন্ত, ৭১,৩২৭ জন
ভুটানি নাগরিক বিশ্বের ১৪০টি দেশে বসবাস করছিলেন;
এঁদের মধ্যে অনেকেই তরুণ, যারা কর্মক্ষম এবং
সন্তান জন্মদানের বয়সে রয়েছেন।
তিনি
ব্যাখ্যা করেন যে, মানুষের
গড় আয়ু বৃদ্ধি, জন্মহার
হ্রাস এবং বিদেশে অভিবাসনের
বিষয়টি দেশটির ভবিষ্যৎ শ্রমশক্তি, অর্থনৈতিক উন্নয়ন এবং বয়োজ্যেষ্ঠ নাগরিকদের
জন্য পরিষেবা প্রদানের ওপর প্রভাব ফেলে।
প্রধানমন্ত্রীর
উপস্থাপিত মধ্যম পর্যায়ের জনসংখ্যা প্রাক্কলন অনুযায়ী, ২০৫০ সালের দিকে
ভুটানের জনসংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছাতে
পারে এবং এরপর তা
হ্রাস পেতে শুরু করবে।
জনসংখ্যাতাত্ত্বিক
এই রূপান্তর বয়োজ্যেষ্ঠ নাগরিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও সামনে নিয়ে এসেছে।
এএনএন