নেপালের গণ্ডকী প্রদেশে গাঁজা চাষ এবং ঔষধি ব্যবহারের অনুমতি প্রদানকারী একটি বিতর্কিত বিল সোমবার থেকে কার্যকর হয়েছে।

তবে, চাষীদের এ ব্যাপারে প্রাদেশিক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নিতে হবে এবং তারা কড়া নজরদারির অধীনে থাকবেন।

শাসক জোট এবং বিরোধী দলের প্রাদেশিক পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে আইনটি পাস করেছেন।

গণ্ডকী নেপালের সাতটি প্রদেশের মধ্যে একটি। এই প্রদেশে দেশের সবচেয়ে জনপ্রিয় কিছু পর্বত হাইকিং ট্রেইলের পাশাপাশি পোখরার মতো রিসোর্ট শহরও রয়েছে।

গাঁজা চাষ, দখল এবং ব্যবহারের উপর সারা দেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এটি পাস হওয়ায় গণ্ডকীর এই প্রাদেশিক আইনটি নেপালে একটি নজির স্থাপন করেছে।

গাঁজা নেপালের একটি স্থানীয় উদ্ভিদ, যেখানে উৎসবের সময় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এর চাষ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সরকারকে আইন পরিবর্তনের দাবিতে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।

একসময় গাঁজা দেশটির সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। তবে, ১৯৭০-এর দশকের শেষের দিকে, নেপাল অন্যান্য দেশের মতো গাঁজাকে বেআইনি ঘোষণা করে এবং সেখানে ভিড় জমানো হিপিদের বহিষ্কার করে।

কাঠমান্ডু পোস্ট