‘সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইন’-এর সর্বশেষ ‘ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার’ (আইপিটি) প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট থেকে অক্টোবরের মধ্যে, মাত্র তিন মাসে ছয়টি রাজ্যে রাষ্ট্রীয় বাহিনীর হাতে—পুলিশি ‘এনকাউন্টার’ ও পুলিশি হেফাজতে—অন্তত আটজন মুসলমান নিহত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনেরও বেশি। একই সময়ে চারটি রাজ্যে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের শিকার হয়ে আরও অন্তত আটজন মুসলমান নিহত হয়েছেন। প্রতিবেদনে এদের জন্য দায়ী ব্যক্তিদের ‘হিন্দু চরমপন্থী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে ২০২৬ সালে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। ২০২২ সালে শুরু হওয়া আইপিটি ডেটাবেসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২০২৬ সালই মুসলমানদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর।
এছাড়া,
পুলিশি ‘হাফ-এনকাউন্টার’-এর
(অর্থাৎ যেখানে পুলিশ গুলি চালিয়ে আহত
করে) ঘটনায় ১১৮ জন মুসলিম
পুরুষ আহত হয়েছেন। এর
মধ্যে উত্তরপ্রদেশের ৩১টি জেলায় অন্তত
৮৬টি ঘটনায় ১০৫ জন এবং
দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড ও ওড়িশায় ১৩
জন আহত হয়েছেন।
প্রতিবেদনে
সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর
ওপর প্রভাব ফেলে এমন প্রশাসনিক
পদক্ষেপগুলোর কথাও উল্লেখ করা
হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘বিশেষ
নিবিড় সংশোধন’-এর তৃতীয় পর্যায়ে
অক্টোবর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ১৮টি
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে
খসড়া ভোটার তালিকা থেকে ৬ কোটি
১৬ লক্ষ নাম বাদ
দেওয়া হয়েছে।
১৭ ও ১৮ অক্টোবর
আসামে কর্তৃপক্ষ বনভূমি থেকে ১,১০০টিরও
বেশি পরিবারকে উচ্ছেদ করেছে, যাদের অধিকাংশই বাংলাভাষী মুসলমান। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সেখানে ১০টিরও বেশি মসজিদ ভেঙে
ফেলা হয়েছে।
এই সময়কালটি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ২০২৭
সালের শুরুর দিকে অনুষ্ঠিত হতে
যাওয়া বিধানসভা নির্বাচনের আগের প্রস্তুতির পর্যায়কে
অন্তর্ভুক্ত করে। একই সঙ্গে,
এটি পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা
নির্বাচনে জয়ের পর দলটির
প্রথম মেয়াদের দ্বিতীয় প্রান্তিককেও নির্দেশ করে। নথিভুক্ত ১৪৬টি
ঘটনার মধ্যে ১০৩টিই ঘটেছে উত্তর প্রদেশে। প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের নতুন পদক্ষেপের আওতায়
মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে
নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথাও উল্লেখ করা
হয়েছে।
মুসলিম-বিদ্বেষী
ঘৃণা
ছড়ানো
বক্তব্য
প্রতিবেদনে
বলা হয়েছে, এই সময়ে সহিংসতা
উসকে দেওয়ার পেছনে শীর্ষ রাজনৈতিক নেতাদের মুসলিম-বিদ্বেষী বক্তব্যের বড় ভূমিকা ছিল।
এতে উল্লেখ করা হয়েছে যে,
আগস্ট থেকে অক্টোবরের মধ্যে
বিজেপি শাসিত চারটি রাজ্যের—উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, আসাম ও উত্তরাখণ্ড—মুখ্যমন্ত্রীরা মুসলিমদের লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য
করেছেন।
উত্তর
প্রদেশে, এই প্রচারণার ‘ইলেকশন
ওয়াচ’ (নির্বাচন পর্যবেক্ষণ শাখা) তিন মাসে অন্তত
২৯টি মুসলিম-বিদ্বেষী ঘৃণা ছড়ানো বক্তব্য
নথিভুক্ত করেছে, যার মধ্যে ১৩টিই
এসেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ
থেকে। প্রতিবেদনে ৭ অক্টোবরের একটি
ভাষণের উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে আদিত্যনাথ আসন্ন রাজ্য নির্বাচনকে ‘৮০ বনাম ২০’-এর লড়াই হিসেবে
অভিহিত করেছেন। সমালোচকদের মতে, এই বক্তব্যের
মাধ্যমে তিনি রাজ্যের ধর্মীয়
জনমিতি এবং মুসলিম সংখ্যালঘুদের
প্রতি ইঙ্গিত করেছেন।
প্রতিবেদন
অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানুয়ারি ও
ফেব্রুয়ারি মাসে অন্তত ছয়টি
ভাষণে ‘অনুপ্রবেশকারী’ শব্দটি ব্যবহার করেছেন। মে মাসে কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে
‘অনুপ্রবেশকারী-মুক্ত’ করার অঙ্গীকার করেছিলেন।
জাতিসংঘের
‘বর্ণবৈষম্য বিলোপ বিষয়ক কমিটি’ আগস্ট মাসে তাদের পর্যবেক্ষণে
উল্লেখ করেছে যে, রাজনীতিবিদ ও
প্রভাবশালী ব্যক্তিরা রোহিঙ্গা এবং বাংলাভাষী মুসলিম
অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের লক্ষ্য
করে ব্যাপকভাবে বর্ণবাদী ও ঘৃণা ছড়ানো
বক্তব্য ব্যবহার করছেন। কমিটি ভারতকে এ ধরনের বক্তব্যের
নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সুপ্রিম
কোর্টের দেওয়া একটি নির্দেশ—যেখানে
কোনো অভিযোগের অপেক্ষায় না থেকে স্বতঃপ্রণোদিতভাবে
ঘৃণা ছড়ানো বক্তব্যের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলা হয়েছিল—বিভিন্ন রাজ্য তা মেনে চলেনি।
ধ্বংসযজ্ঞ, বন্ধকরণ
ও
গ্রেপ্তার
প্রতিবেদন
অনুযায়ী, আগস্ট থেকে অক্টোবর মাসের
মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলে
এমন আইনি ও প্রশাসনিক
পদক্ষেপের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
এতে বলা হয়েছে, কেবল
সেপ্টেম্বর মাসেই চারটি রাজ্যে অন্তত ছয়টি মসজিদ আংশিক
বা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
পশ্চিমবঙ্গে
নতুন সরকার ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে এবং ৫,২৯৯টি
লাউডস্পিকার সরিয়ে ফেলেছে; যার মধ্যে প্রায়
৪,২০০টি ছিল মসজিদ থেকে—এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সংস্থাটির
অভিযোগ, বেশ কয়েকটি রাজ্যে
কর্তৃপক্ষ মুসলিম ও খ্রিস্টানদের নির্বিচারে
গ্রেপ্তার ও আটক করেছে।
এর মধ্যে রয়েছে—নথিপত্রহীন বাংলাদেশি নাগরিক সন্দেহে বাংলাভাষী মুসলিমদের আটক করা; যার
উদাহরণ হিসেবে ছত্তিশগড়ে ২৩ জন অভিবাসী
শ্রমিক এবং পশ্চিমবঙ্গ ও
কর্ণাটকে আরও কয়েকজনের আটকের
কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে
আরও বলা হয়েছে, বিজেপি
শাসিত রাজ্যগুলোতে ধর্মান্তরবিরোধী ও গো-সুরক্ষা
আইনের আওতায় গ্রেপ্তার অব্যাহত রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত
বাড়িতে আয়োজিত প্রার্থনা সভায় অংশগ্রহণকারীদের গ্রেপ্তার
এবং ধর্মীয় মতপ্রকাশের কারণে কিংবা আন্তঃধর্মীয় সংঘাতের পর মুসলিমদের আটক
করার ঘটনাও অন্তর্ভুক্ত।
প্রতিবাদ ও
আটক
ভোটার
তালিকা সংশোধনের জেরে প্রধান নির্বাচন
কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভের বিপরীতে কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপের কথাও প্রতিবেদনে উঠে
এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে
বিরোধী দল, শিক্ষার্থী এবং
তরুণদের নেতৃত্বাধীন ‘ককরোচ জনতা পার্টি’-র
নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিগুলোর ক্ষেত্রে ব্যাপক ধরপাকড়, পুলিশের শক্তি প্রয়োগ এবং জমায়েতের ওপর
বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
‘সিভিকাস
মনিটর’-এর তথ্য উদ্ধৃত
করে প্রতিবেদনে বলা হয়েছে, ২
অক্টোবর পুলিশ প্রায় ১,০০০ বিক্ষোভকারীকে
আটক করে এবং যন্তর
মন্তর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।
‘সিভিকাস’-এর তথ্য অনুযায়ী,
১০ অক্টোবর নাগাদ অন্তত ৭,০০০ ব্যক্তিকে
আটক করা হয়েছিল।
জাতিসংঘের
মানবাধিকার বিষয়ক কার্যালয় এসব বিধিনিষেধের বিষয়ে
উদ্বেগ প্রকাশ করেছে এবং কর্তৃপক্ষের প্রতি
প্রয়োজনীয়তা ও আনুপাতিকতার মানদণ্ড
মেনে চলার আহ্বান জানিয়েছে।
ভারত সরকার এই সমালোচনাকে “অনাকাঙ্ক্ষিত
হস্তক্ষেপ” বলে প্রত্যাখ্যান করেছে।
২০ অক্টোবর দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘের
বিশেষজ্ঞরা বিভিন্ন প্রতিবেদনের উল্লেখ করে জানিয়েছেন যে,
পুলিশ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জসহ শক্তি
প্রয়োগ করেছে। এছাড়া, নয়াদিল্লিতে আটক ৭,০০০-এরও বেশি মানুষকে
দূরবর্তী স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যেখানে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া
হয়েছে এবং প্রতিবাদের ফুটেজ
মুছে ফেলা হয়েছে বলে
অভিযোগ রয়েছে। তারা বিক্ষোভ ও
আটকের সময় যৌন সহিংসতার
ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ
করেছেন। এছাড়া, ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র ১৬৩ ধারার
অধীনে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি এবং ইন্টারনেট
পরিষেবা বন্ধ রাখার ব্যাপক
ব্যবহারের বিষয়েও তারা উদ্বেগ জানিয়েছেন।
বিশেষজ্ঞরা
উল্লেখ করেছেন যে, এই বিক্ষোভগুলোর
সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ
দেওয়ার বিষয়টি সম্পর্কিত। এর ফলে প্রায়
১৩ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত
হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই মুসলিম, তফসিলি জাতি (শিডিউলড কাস্ট) এবং তফসিলি উপজাতি
(শিডিউলড ট্রাইব) সম্প্রদায়ের মানুষ। তারা অতিরিক্ত বলপ্রয়োগ
বন্ধ করার এবং একটি
নিরপেক্ষ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।
ন্যায়বিচারের সুযোগ
প্রতিবেদনে
ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে একটি কাঠামোগত বিপর্যয়ের
কথা তুলে ধরা হয়েছে।
এতে বলা হয়েছে, জবাবদিহিতার
প্রক্রিয়ার প্রতিটি ধাপে—পুলিশের কাছে
প্রাথমিক অভিযোগ দায়ের করা থেকে শুরু
করে নিরপেক্ষ তদন্ত পর্যন্ত—মুসলিম ভুক্তভোগীরা নিয়মিতভাবে প্রাতিষ্ঠানিক বাধার সম্মুখীন হয়েছেন, যা দেশের প্রচলিত
আইনি প্রতিকারের পথকে রুদ্ধ করে
দিয়েছে।
প্রতিবেদনে
বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই পুলিশ
অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করেছে
অথবা উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা দায়ের করেছে। উত্তর প্রদেশে, সরকার কর্তৃক গঠিত একটি প্যানেল
২০২৪ সালের নভেম্বরে সম্বল শহরে পাঁচজন মুসলিম
ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশকে দায়মুক্ত ঘোষণা করেছে। শহরের প্রধান মসজিদে আদালতের নির্দেশে জরিপ চালানোর প্রতিবাদ
করার সময় ওই ব্যক্তিরা
নিহত হয়েছিলেন।
একই
সরকার ২০১৩ সালের মুজাফফরনগর
সহিংসতার আগে দেওয়া উসকানিমূলক
বক্তব্যের ঘটনায় তাদেরই একজন মন্ত্রী এবং
অন্যান্য হিন্দু জাতীয়তাবাদী ব্যক্তিত্বের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার
করে নিয়েছে। সেই সহিংসতায় ৬০
জনেরও বেশি মানুষ নিহত
হয়েছিলেন, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।
ফ্রন্টলাইন,
ইংরেজি থেকে অনূদিত