খলিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা ষড়যন্ত্রের ঘটনায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের নামে সমন জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ভারতীয় আদালতের মাধ্যমে এই সমন তাঁদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

পান্নুন ছিলেন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে)-এর আইনি পরামর্শদাতা। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের ক্লার্ক জানিয়েছেন, শুক্রবার (২০ নভেম্বর) ফেডেক্স কুরিয়ারের মাধ্যমে দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট, তিস হাজারি কোর্ট এবং দ্বারকা ডিস্ট্রিক্ট কোর্টে এই সমনগুলো পাঠানো হয়েছে।

হেগ কনভেনশনের বিধান

নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট চলতি মাসের শুরুর দিকে অজিত দোভাল ও সামন্ত গোয়েলের নামে সমন জারির নির্দেশ দেয়।

বিচারক ক্যাথরিন পোল্ক ফেইলা তাঁর আদেশে বলেন, “এই আদালতে বিচারাধীন দেওয়ানি মামলায় বিবাদীদের কাছে সমন পৌঁছানোর বিষয়ে আদালত ভারতীয় আদালতের সহায়তা কামনা করছে।”

বিচারক হেগ কনভেনশন এবং ভারতের দেওয়ানি কার্যবিধির প্রাসঙ্গিক ধারার উল্লেখ করে জানিয়েছেন যে, বিদেশি আদালত ভারতীয় আদালতের মাধ্যমে অজিত দোভাল ও সামন্ত গোয়েলের কাছে সমন পাঠাতে পারে।

ভারতের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তির মাধ্যমে অনুমোদিত বিদেশি দেওয়ানি আদালতের জারি করা সমন ভারতীয় আদালতে পাঠানো যেতে পারে এবং তা এমনভাবে কার্যকর করা যায়, যেন সেটি ভারতীয় আদালতেরই জারি করা সমন।

আদেশে বলা হয়েছে, হেগ কনভেনশনের অধীনে ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাঠানোর সাধারণ প্রক্রিয়াটি অনুসরণ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়। এরপর আদালত হেগ কনভেনশনের ১৯ নম্বর অনুচ্ছেদ এবং দেওয়ানি কার্যবিধির প্রাসঙ্গিক ধারা অনুযায়ী বিকল্প উপায়ে সমন জারির অনুমতি দেয়।

২০২৩ সালের জুন মাসে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তে ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তর নাম উঠে আসে। তদন্তে আরও জানা যায়, নিউ ইয়র্কে পান্নুনকে হত্যার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাড়াটে খুনি নিয়োগ করে, যাদের মধ্যে বিকাশ যাদবও রয়েছেন। তার সঙ্গে নিখিল গুপ্তর কথোপকথন হয়েছিল। ৫৫ বছর বয়সী গুপ্তকে শুক্রবার একটি মার্কিন আদালত ২৩৫ মাসের কারাদণ্ড দিয়েছে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে তিনি অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ঘটানোর পরিকল্পনা, এ ধরনের হত্যাকাণ্ডের ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করেন।

পান্নুন অভিযোগ করেছেন যে, তাকে হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন দোভাল এবং এতে ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থাও জড়িত ছিল।

গত মাসে মার্কিন আদালত ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে একটি কূটনৈতিক নোট পাঠিয়ে দোভাল ও গোয়েলের কাছে সমন জারির চেষ্টা করেছিল।

ভারত পান্নুনের দায়ের করা এই মামলাটিকে প্রত্যাখ্যান করেছে এবং একে ‘বানোয়াট ও বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে।

পিটিআই