সভরেন গ্যারান্টি বা রাষ্ট্রীয় নিশ্চয়তা থাকায় ভারতসহ বিভিন্ন দেশ এবং দেশি-বিদেশি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে হওয়া চুক্তি একতরফাভাবে বাতিল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে বিদ্যুতের দাম কমানোর লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা ও দর-কষাকষি চলমান রয়েছে বলে তিনি জানান।
শনিবার (১৪
নভেম্বর) রাজধানীর
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক আলোচনায় অংশ
নিয়ে তিনি এসব কথা
বলেন।
চুক্তি
বাতিল না করার কারণ
ব্যাখ্যা করে ইকবাল হাসান
মাহমুদ বলেন, ভারত ও অন্যান্য
দেশের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে,
সেগুলো সভরেন গ্যারান্টির (রাষ্ট্রীয় নিশ্চয়তা) মাধ্যমে করা। এই সভরেন
গ্যারান্টি একটি ব্যাংকিং ইনস্ট্রুমেন্ট,
যার ওপর ভিত্তি করে
ওই কোম্পানিগুলো বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে।
কোনো দেশ সভরেন গ্যারান্টি
দেওয়ার পর দর-কষাকষি
করতে পারে, কিন্তু চুক্তি বা গ্যারান্টি বাতিল
করতে পারে না। এটি
বাতিল করলে আন্তর্জাতিক অঙ্গনে
দেশের ক্রেডিট রেটিং কমে যাবে এবং
বহির্বিশ্বের মানুষ আমাদের ওপর আর বিশ্বাস
রাখবে না।
বিদ্যুৎ
সরবরাহ ও দাম কমানোর
প্রচেষ্টা প্রসঙ্গে মন্ত্রী জানান, ভারতের সাথে ইতোমধ্যেই একটি
প্রতিনিধি দল আলোচনা করে
এসেছে এবং ত্রিপুরা থেকে
আসা বিদ্যুৎসহ সার্বিক বিষয়ে আলোচনা চলছে। তিনি বলেন, আমাদের
দেশে এমনিতেই বিদ্যুতের ঘাটতি রয়েছে। এখন কঠোর কোনো
সিদ্ধান্ত নিতে গিয়ে যদি
কোনো নেতিবাচক প্রভাব (অ্যাডভার্স ইফেক্ট) পড়ে এবং দেশে
বিদ্যুৎ না থাকে, তবে
জনরোষ বা মিছিল শুরু
হয়ে যাবে। তাই সবকিছু সামলে
নিয়ে কীভাবে বিদ্যুতের দাম কমানো যায়,
আমরা সেই চেষ্টাই করছি।
দেশীয়
বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর (আইপিপি) চুক্তি পর্যালোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে
ইকবাল হাসান মাহমুদ জানান, কয়লা ও গ্যাসভিত্তিক
দেশীয় বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্ষেত্রেও একইভাবে সভরেন গ্যারান্টি দেওয়া আছে। সরকার তাদেরকেও
আলোচনার টেবিলে এনে দাম কমানোর
বিষয়ে কথা বলছে। তবে
বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়লাবাহী জাহাজের ভাড়া (ফ্রেইট চার্জ) এবং অন্যান্য জ্বালানির
দাম বেড়ে যাওয়ায় উৎপাদনকারীরা
উল্টো দাম বাড়ানোর দাবি
তুলছেন বলে উল্লেখ করেন
তিনি। মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকার হয়তো আরও ভালোভাবে
দর-কষাকষি করতে পারত।