রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিতের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে বাংলাদেশ। এ রায়ের বিষয়ে বাংলাদেশের গভীর আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত এবং দীর্ঘদিনের মানবিক সংকটের মূল কারণগুলো মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার আগামীকাল ১৯ নভেম্বর আইসিজের রায় ঘোষণার কথা রয়েছে। এ বৈঠকটি রায়ের ঠিক আগের দিন অনুষ্ঠিত হল।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে করা এ মামলার রায়ের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিনের দায়মুক্তির সংস্কৃতির অবসান এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের পথ তৈরি করতে আন্তর্জাতিক জবাবদিহি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মিয়ানমারের মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিশেষ করে রাখাইন রাজ্যে থেকে যাওয়া রোহিঙ্গারা সহিংসতা ও নতুন করে বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

তাদের সুরক্ষা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের মানবিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে তাদের পূর্বপুরুষের আবাসভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ তৈরি করতে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত, বাস্তবসম্মত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে শামা ওবায়েদ ইসলাম জাতিসংঘের বিশেষ দূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর সম্পন্ন করায় কেলি কারিকে অভিনন্দন জানান।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে কক্সবাজারে সাক্ষাৎকালে পাওয়া অভিজ্ঞতাসহ সফরের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরতে তিনি বিশেষ দূতকে আমন্ত্রণ জানান।

জবাবে কেলি কারি সফরকালে রোহিঙ্গা জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তার আলোচনা ও মতবিনিময়ের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি বর্তমান মানবিক পরিস্থিতি সম্পর্কে নিজের মূল্যায়ন তুলে ধরেন। এ সময় আন্তর্জাতিক মানবিক সহায়তায় ক্রমবর্ধমান ঘাটতি এবং সংকটের স্থায়ী সমাধান নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার বিষয়টি উঠে আসে।

মিয়ানমারে চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও বৈঠকে আলোচনা হয়।

জাতিসংঘের বিশেষ দূত তার দায়িত্ব পালনে বাংলাদেশের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন শামা ওবায়েদ।

২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া এ মামলা দায়ের করে। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতার মাধ্যমে মিয়ানমার গণহত্যা সনদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে অভিযোগ আনে দেশটি।

২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এতে মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার দায়ে মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনার আন্তর্জাতিক আইনি প্রচেষ্টায় আসন্ন এ রায়কে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বাসস