রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিনজিরায় প্রায় ৪০০ বছরের পুরোনো একটি কবুতরের হাট এখনও পাখিপ্রেমী ও ব্যবসায়ীদের আকর্ষণ করছে। স্থানীয়দের ভাষ্য, মোগল আমল থেকে চলে আসা ঐতিহ্য ধরে রেখেছে এই হাট।

ঐতিহ্যগতভাবে সপ্তাহে দুই দিন—সোম ও শুক্রবার এ হাট বসে। তবে সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে। আশপাশে এখন বেশ কয়েকটি স্থায়ী পাখির দোকান গড়ে উঠেছে, যেগুলো সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে।

এই হাটে জালালি, গোলা ও গিরিবাজের মতো দেশি জাতের পাশাপাশি শৌখিন পাখিপ্রেমীদের কাছে জনপ্রিয় কিং, ফ্যানটেইল (ময়ূরপঙ্খি), জ্যাকোবিন ও হোমারের মতো বিদেশি জাতের কবুতরও পাওয়া যায়।

কবুতরের জাত, রং ও বিশেষ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে দাম নির্ধারিত হয়। একেক জাতের কবুতরের চাহিদাও একেক রকম।

বছরের পর বছর ধরে হাটটি কবুতর প্রজনন, বেচাকেনা ও পরিচর্যার কেন্দ্রে পরিণত হয়েছে। এর মাধ্যমে অনেক মানুষের জীবিকারও ব্যবস্থা হয়েছে।

সময়ের সঙ্গে হাটটির বেচাকেনার ধরনে পরিবর্তন এলেও প্রায় চার শতাব্দী পুরোনো এই হাট এখনও জমজমাট। কবুতরপ্রেমী ও ব্যবসায়ীদের আগ্রহই এর ঐতিহ্য টিকিয়ে রেখেছে।

ইউএনবি