অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। আঞ্চলিক জোট আসিয়ান মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে।

মিয়ানমার এখনো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য। তবে ২০২১ সালে সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশটিকে জোটের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিতে দেওয়া হচ্ছে না।

এ বছর অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে থাইল্যান্ড। পর্যবেক্ষকেরা দেশটির নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেন।

সামরিক বাহিনী, গণতন্ত্রপন্থী বিদ্রোহী জোট ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাত বন্ধে আসিয়ানের ‘পাঁচ দফা ঐকমত্য’ (ফাইভ-পয়েন্ট কনসেনসাস—৫পিসি) বাস্তবায়নের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’ রাখার আহ্বান জানিয়েছে ব্যাংকক।

ম্যানিলায় বৈঠকে বসা আসিয়ান নেতারা যৌথ বিবৃতিতে একই অবস্থান গ্রহণ করেন। এতে বলা হয়, ‘মাঠপর্যায়ের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এবং অগ্রগতির ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ অব্যাহত রাখতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘মিয়ানমার পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে ধারাবাহিক ও সুনির্দিষ্ট অগ্রগতি অর্জন করতে পারলে আসিয়ান দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে।’

পাঁচ দফা পরিকল্পনা গ্রহণের পর প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও তাতে তেমন কোনো অগ্রগতি হয়নি। গত মে মাসে আসিয়ানের এক সম্মেলনে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস স্বীকার করেন, মিয়ানমারে তিনি ‘কোনো অগ্রগতি’ দেখতে পাননি।

রোববার ম্যানিলায় আসিয়ান নেতাদের বৈঠকের উদ্বোধনী বক্তব্যেও তিনি ছয় মাস আগে তোলা একই প্রশ্ন পুনরায় উত্থাপন করেন। তিনি বলেন, ‘মিয়ানমারের জন্য আমরা আর কী করতে পারি?’

এবারের বৈঠকে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে আরও অগ্রগতি অর্জনের উপায় নিয়ে বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

একই সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার সঙ্গে উদ্যোগগুলোকে আরও সামঞ্জস্যপূর্ণ করা এবং শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও মিয়ানমারের জনগণের মালিকানায় ও নেতৃত্বে পরিচালিত প্রক্রিয়াকে সহায়তা করার বিষয়েও আলোচনা হবে।

চলতি বছরের শেষ দিকে আসিয়ানের ঘূর্ণায়মান সভাপতির দায়িত্ব ফিলিপাইনের কাছ থেকে সিঙ্গাপুরের হাতে যাবে। বিশ্লেষকদের মতে, সিঙ্গাপুর মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরোধী।

২০২৮ সালে এ দায়িত্ব পাবে থাইল্যান্ড। দেশটির সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে। মিয়ানমারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগেও নেতৃত্ব দিচ্ছে থাইল্যান্ড।

গত ৫ নভেম্বর সিঙ্গাপুরে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও বলেন, ‘নীতিগত বিষয়ে আলোচনা করতে পারেন, এমন কাউকে আলোচনার টেবিলে রাখা অত্যন্ত জরুরি। কারণ, যোগাযোগ অব্যাহত রাখতে হলে মিয়ানমারের অবস্থান আমাদের কাছে তুলে ধরতে পারেন, এমন একজন প্রতিনিধি প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘এর অর্থ এই নয় যে আমরা তাদের স্বীকৃতি দিচ্ছি কিংবা তাদের অবস্থানকে উপরে তুলে ধরছি। তবে বাস্তবতা হলো, মিয়ানমারের পক্ষে কথা বলতে পারেন, এমন কাউকে আলোচনার টেবিলে আমাদের প্রয়োজন।’

এএফপি, ম্যানিলা