ভারতের উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট গঠন করলেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এবং দলিত ও অনগ্রসর জাতির নেতা চন্দ্রশেখর আজাদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লক্ষ্ণৌতে এক যৌথ সংবাদ সম্মেলনে ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) এবং চন্দ্রশেখরের আজাদ সমাজ পার্টি (কাঁশিরাম) আনুষ্ঠানিকভাবে এই জোটের কথা ঘোষণা করেছে।
নতুন
এই ফ্রন্টের নাম দেওয়া হয়েছে
‘সামাজিক পরিবর্তন মোর্চা’, সংক্ষেপে এসপিএম। রাজ্যের ৪০৩টি আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়া জোট। মূলত
রাজ্যের ২১ শতাংশ দলিত
এবং ১৯ শতাংশ মুসলিম,
অর্থাৎ মোট ৪০ শতাংশ
ভোটব্যাংক লক্ষ্য করে মাঠে নামছে
এই জোট। কিন্তু এই
ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন করে যে
আশঙ্কা তৈরি হয়েছে, তা
হলো মুসলিম ও অনগ্রসর জাতিগোষ্ঠীর
এই দল বিজেপিবিরোধী দুই
প্রধান দল কংগ্রেস এবং
সমাজবাদী পার্টির ভোট কাটবে, যার
ফলে শেষ পর্যন্ত সুবিধা
হবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন
ভারতীয় জনতা পার্টির।
সংবাদ
সম্মেলনে ওয়াইসি নতুন এই জোটের
মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চন্দ্রশেখর আজাদের নাম ঘোষণা করেন।
দুই নেতাই জানিয়েছেন, খুব শিগগির আসন
সমঝোতা চূড়ান্ত করে প্রার্থীদের নাম
প্রকাশ করা হবে। নির্বাচনী
প্রচারে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থানকে প্রধান
ইস্যু হিসেবে তুলে ধরার কথা
জানিয়েছেন চন্দ্রশেখর। তিনি দ্বাদশ শ্রেণি
পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা,
উন্নত হাসপাতাল এবং বেকার যুবকদের
কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেন। তাঁর দাবি,
এই জোট কোনো তৃতীয়
ফ্রন্ট নয়, বরং এটিই
সবচেয়ে শক্তিশালী প্রথম ফ্রন্ট। সমাজের অবহেলিত ও শোষিত মানুষদের
এই জোটে যোগ দেওয়ার
আহ্বান জানান আজাদ।
আসাদউদ্দিন
ওয়াইসি আশা প্রকাশ করেন,
২০২৭ সালের নির্বাচনে বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসা
থেকে আটকাতে এই মোর্চা শক্তিশালী
বিকল্প হয়ে উঠবে। তাঁর
মতে, দলিত ও সংখ্যালঘুদের
এত দিন শুধু ভোটব্যাংক
হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজেপিকে
আটকানোর পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিতেও
তাঁরা কাজ করবেন।
রাজনৈতিক
বিশেষজ্ঞদের মতে, সমাজবাদী পার্টির
(সপা) ‘পিডিএ’ (পিছড়ে, দলিত, সংখ্যালঘু) সমীকরণের মূলে আঘাত হানতে
পারে এই নতুন জোট।
একই সঙ্গে মুসলিম ও দলিত ভোটে
ভাগ বসাতে পারে এই দলগুলো।
লক্ষ্ণৌ শিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞানের এক অধ্যাপক নাম
প্রকাশ না করার শর্তে
প্রথম আলোকে বলেন, দীর্ঘ সময় ধরে আসাদউদ্দিন
এমন জায়গায় প্রার্থী দিচ্ছেন, যেখানে কংগ্রেসের একটা সুযোগ তৈরি
হয়েছে বা হচ্ছে, আর
যেখানে বিজেপিবিরোধী একটা হাওয়াও রয়েছে।
এভাবে মহারাষ্ট্রসহ বেশ কিছু রাজ্যে
তারা বিজেপিবিরোধী কংগ্রেসের ভোট কেটে বিজেপিরই
সুবিধা করেছে। এখানেও সেটাই হতে চলেছে বলে
মনে হচ্ছে।
কংগ্রেসের
প্রতিক্রিয়া
নতুন
এই জোটের বিষয়ে কংগ্রেসের প্রতিক্রিয়াও বেশ স্পষ্ট। কংগ্রেসের
পক্ষ থেকে জানানো হয়েছে,
গণতন্ত্রে সবারই দল গঠন বা
জোট করার অধিকার রয়েছে
এবং তারা তাদের নিজস্ব
পথেই কাজ চালিয়ে যাবে।
নতুন এই জোটের সঙ্গে
কংগ্রেসের হাত মেলানোর সম্ভাবনা
প্রসঙ্গে দলের নেতারা জানিয়েছেন,
এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি দলের কেন্দ্রীয় নেতৃত্বই
নেবে। কংগ্রেসের মতে, রাজনীতি মানে
শুধু বিভিন্ন সম্প্রদায়ের মুখ সামনে আনা
নয়, বরং মানুষকে দেখাতে
হবে যে দলগুলো আদতে
কী দিতে পারছে। সপা
সংসদ সদস্য অবধেশ প্রসাদও নতুন জোটকে গুরুত্ব
দিতে নারাজ।
অন্যদিকে
বিজেপির দাবি, এজেন্ডাহীন এই জোটের ফলে
নির্বাচনে তাদেরই সুবিধা হবে। এদিন সপা
প্রধান অখিলেশ যাদবের আগামী অযোধ্যা রামমন্দির সফর নিয়ে তীব্র
কটাক্ষ করেন ওয়াইসি। উর্দু
কবিতা উদ্ধৃত করে তিনি বলেন,
ধীরে ধীরে অখিলেশের মুখ
থেকে মুখোশ সরে যাচ্ছে এবং
আসল চেহারা সামনে আসছে।
সূত্র: প্রথম
আলো