মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আব্দুল এল-সায়েদ রিপাবলিকান দলের সাবেক প্রতিনিধি মাইক রজার্সকে হারাতে যাচ্ছেন। এল-সায়েদের এই জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে।

এখন তিনি ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে: আগামী জানুয়ারিতে শপথ গ্রহণের মাধ্যমে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর।

সাধারণ রাজনীতিবিদদের চেয়ে আব্দুল এল-সায়েদের ব্যক্তিত্ব অনেকটাই আলাদা। ৪২ বছর বয়সী এই নেতাকে সাধারণত ভি-নেক টি-শার্ট, রাবার স্ট্র্যাপযুক্ত ডাইভ ওয়াচ, জিন্স এবং গাঢ় রঙের স্নিকার্স পরা অবস্থায় দেখা যায়।

আগস্ট মাসে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাইমারি নির্বাচনে এল-সায়েদকে লড়তে হয়েছিল মধ্যপন্থী প্রতিনিধি হ্যালি স্টিভেনসের বিরুদ্ধে। সেই নির্বাচনে এল-সায়েদ এক শতাংশেরও কম ব্যবধানে জয়ী হয়েছিলেন। এরপর ডেমোক্র্যাটদের ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয়েছিল তাকে।

নির্বাচনের শেষ পর্যায়ে এসে হ্যালি স্টিভেনস এক নাটকীয় পদক্ষেপ নেন; রবিবার তিনি ঘোষণা করেন যে তিনি মাইক রজার্সকে সমর্থন করছেন এবং ডেট্রয়েটের একটি গির্জায় তার সঙ্গে উপস্থিত হন। স্টিভেনসের এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে এবং মিশিগানের ডেমোক্র্যাটিক নেতাদের ক্ষুব্ধ করে তোলে।

এর ফলে দলের সবাই এল-সায়েদের সমর্থনে ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এল-সায়েদ নিজেও কয়েক মাস ধরে কৃষ্ণাঙ্গ ও ইহুদি ভোটারদের সমর্থন অর্জনের চেষ্টা চালিয়েছিলেন, যারা প্রাইমারি নির্বাচনে স্টিভেনসকে সমর্থন দিয়েছিলেন।

সিএনএন