যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “কোনো আলোচনায়” রাজি না হওয়ায় ইরানের সমালোচনা করেছেন এবং বলেছেন, “তারা কেবল ‘ওমান’-এর সাথেই আলোচনা করছে।”

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে বলেন, “ইরানের নেতৃত্ব অবিশ্বাস্যভাবে কপট! তারা বৈঠকের জন্য অনুরোধ করে, কেউ কেউ বলবেন “ভিক্ষা চায়”। আলোচনা শুরু হয় এবং অদূর ভবিষ্যতে আরও বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়, আর তারা খোলাখুলি ও গর্বের সাথে বলে যে, তারা কোনো আলোচনা করছে না, কোনো বিষয়েই কথা হচ্ছে না এবং তারা কেবল “ওমান”-এর সাথেই আলোচনা করছে।”

ট্রাম্প আরো বলেন, “এরপর তারা (ইরান) তাদের চিরাচরিত আজেবাজে কথা বলে যে, হরমুজ প্রণালী তাদের দ্বারা শক্তিশালীভাবে পরিচালিত হবে, অথচ এটি ইতিমধ্যেই মার্কিন নৌবাহিনী এবং আমাদের “অবরোধ” বা, যেমন কেউ কেউ বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের ইস্পাতের প্রাচীর” দ্বারা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত!”

তিনি উপসংহারে বলেন, “ইরানের কাছে কিছুই পৌঁছায় না, যদি না আমরা তা চাই, এবং কিছুই পৌঁছাবে না, যদি না একটি চুক্তি বা পূর্ণ আত্মসমর্পণ সম্পন্ন হয়।” ইরান তা স্বীকার করুক বা না করুক, আমরা আসলে এমন একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলছি যা তারা কয়েক দশক ধরে তৈরি করেছে। বিষয়টি খুবই সহজ, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না!”

আল-জাজিরা