মার্কিন বিমান বাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে। এই ঘটনার সঙ্গে জানাশোনা আছে এমন তিনজন ব্যক্তি রয়টার্সকে এ কথা জানিয়েছেন । এই অনুপ্রবেশের ফলে বিমান বাহিনীর অত্যন্ত সংবেদনশীল কৌশলগত তথ্য, কর্মী সংক্রান্ত তথ্য এবং লজিস্টিকস বা রসদ বিষয়ক বিশাল পরিমাণ ডেটা ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট দুজন ব্যক্তি জানিয়েছেন, গত এক মাসের মধ্যে সিস্টেমটি আপগ্রেড করার সময় ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশের বিষয়টি ধরা পড়ে। ফলে পুরো প্ল্যাটফর্মজুড়ে কার্যক্রম ব্যাহত হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের প্রকৃত ব্যাপ্তি কতটুকু বা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিমান বাহিনী জানিয়েছে, তারা "নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা পরিস্থিতি, দুর্বলতা কিংবা কার্যক্রমের অবস্থা নিয়ে কোনো মন্তব্য করে না। আমরা বিমান বাহিনীর তথ্য, সিস্টেম এবং মিশনের সক্ষমতা সুরক্ষায় সবসময়ই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে থাকি।"

একটি সমন্বিত প্ল্যাটফর্ম

২০১৭ সালে যাত্রা শুরু করা ‘ক্লাউড ওয়ান’-এর লক্ষ্য ছিল বিমান বাহিনীর সব ধরনের আইটি চাহিদার একটি একক কেন্দ্র বা ‘ওয়ান-স্টপ শপ’ হিসেবে কাজ করা। মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল এবং অ্যালফাবেট—এই চারটি প্রতিষ্ঠানের সম্পদকে কাজে লাগিয়ে এটি বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালনা করে; যার মধ্যে রয়েছে কর্মী সংক্রান্ত তথ্য ও বেতন ব্যবস্থাপনা, কিংবা লজিস্টিকস ও রক্ষণাবেক্ষণ বিষয়ক অ্যাপ্লিকেশন।

এর মধ্যে রয়েছে বিমান বাহিনীর ‘ক্লাউড-ভিত্তিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ সিস্টেম, যা উত্তর আমেরিকা জুড়ে থাকা এয়ার ডিফেন্স রাডার ও অন্যান্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে। এছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’, যা বিশ্বজুড়ে মার্কিন বিমান বাহিনীর ২০০টিরও বেশি ঘাঁটিতে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখে।

২০২৬ সাল পর্যন্ত ‘ক্লাউড ওয়ান’-এর প্রধান ঠিকাদার ছিল এসএআইসি (SAIC), এরপর এই দায়িত্ব নেয় লিডোস। এসএআইসি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। লিডোস এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর বৃহত্তম ক্লাউড প্ল্যাটফর্মগুলোর মধ্যে ‘ক্লাউড ওয়ান’ অন্যতম।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলে, "এখানে অনুপ্রবেশ ঘটা মানেই বড় ধরনের সমস্যা।"

অন্য একটি সূত্র জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’-এর সহায়তা নিয়েছেন। সাইবার কমান্ড মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিভিন্ন ধরনের বিঘ্ন

এই হ্যাকিংয়ের ঘটনাটি নানা ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট দুটি সূত্র এবং বিষয়টি সম্পর্কে অবগত চতুর্থ এক ব্যক্তি জানিয়েছেন যে, ব্যাক-অফিস অ্যাপ্লিকেশনগুলোকে ‘ক্লাউড ওয়ান’-এ স্থানান্তরের প্রক্রিয়া—যা সামরিক বাহিনীর দীর্ঘদিনের একটি অগ্রাধিকার—সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

‘ক্লাউড ওয়ান’-এ চলমান অ্যাপ্লিকেশনগুলোর আপডেট প্রক্রিয়াও বন্ধ হয়ে গেছে। এর ফলে বিমান বাহিনীর কর্মীরা প্রয়োজনীয় ত্রুটি সংশোধন করতে পারছেন না, অথচ ঠিক এই সময়েই প্রযুক্তি শিল্পজুড়ে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতা শনাক্ত হয়েছে। পঞ্চম এক সূত্র জানিয়েছেন, কিছু ব্যবহারকারীর অ্যাডমিনিস্ট্রেটর অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।

পাঁচটি সূত্রই নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানিয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, সাইবার অনুপ্রবেশকারীরা একটি সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়ে ‘কন্ট্রোল প্লেন’-এর নিয়ন্ত্রণ নিয়েছিল। ওই ব্যক্তি ‘কন্ট্রোল প্লেন’-কে একটি ‘ইউনিভার্সাল রিমোট’-এর সঙ্গে তুলনা করেছেন; কারণ তাত্ত্বিকভাবে, এই অ্যাক্সেস ব্যবহার করে অনুপ্রবেশকারীরা সামরিক বিমানের কার্যক্রমের অবস্থা বা যন্ত্রাংশের স্থানান্তর সম্পর্কে তথ্য জানতে পারত। তবে এই ঘটনায় হ্যাকাররা প্রকৃতপক্ষে এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।

হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যার দুর্বলতাকে কাজে লাগিয়েছে, তা রয়টার্স শনাক্ত করতে পারেনি।

একের পর এক হ্যাকিংয়ের ঘটনা

এই অনুপ্রবেশের খবরটি এমন এক সময়ে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সাইবার হামলার বিষয়ে উদ্বেগ বাড়ছে। ক্লাউড-ভিত্তিক নেটওয়ার্কের জন্য এটি অত্যন্ত গুরুতর একটি সমস্যা, কারণ এআই মডেলগুলো বিশাল পরিসরে খুব দ্রুত দুর্বলতা খুঁজে বের করতে সক্ষম।

মার্কিন সরকার বর্তমানে আরও অন্তত ছয়টি সাইবার হামলার প্রভাব মোকাবিলা করছে। এর মধ্যে রয়েছে এফবিআই-এর দুটি ঘটনা, পেন্টাগনের তথ্য হ্যাকিং, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থায় অনুপ্রবেশ এবং ট্রেজারি ডিপার্টমেন্টে (অর্থ বিভাগ) হ্যাকিংয়ের ঘটনা।

রয়টার্স