ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম ও বনাঞ্চল বেষ্টিত সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারিকে আরো কার্যকর ও সহজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী মঙ্গলবার
(১ সেপ্টেম্বর) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট সেক্টর সদর দপ্তরে “সীমান্ত
স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডব্লিউ) উদ্বোধনের পর এক
প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মন্ত্রী বলেন,
সীমান্তের যেখানে জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা দুষ্কর, সেখানে নাইট ভিশন এবং থার্মাল
প্রযুক্তি সংবলিত ড্রোন ব্যবহারের মতো ডিজিটাল সার্ভেইল্যান্সের ব্যবস্থা করা হবে।
এতে রাতের বেলা সীমান্তের ওপারে অপর পক্ষের তৎপরতার উপর নজরদারি সহজ হবে।
তিনি বলেন,
এই ড্রোন স্কুলে বর্তমানে বিজিবি সদস্যদের সীমান্ত নজরদারি ও ড্রোন ওয়ারফেয়ার প্রশিক্ষণ
দেওয়া হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি এ প্রশিক্ষণ
প্রতিষ্ঠানে যুক্ত করে দেশের সর্বাত্মক সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে।
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক, তথ্যনির্ভর ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বিজিবি'র একটি বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে এসএসএসডিডব্লিউ-এর যাত্রা শুরু হলো। এর মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্তে আকাশভিত্তিক নজরিদারি প্রযুক্তি ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হলো।