পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম ও বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের ক্ষেত্রে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে বিদ্যুৎ বিভাগ।

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।

প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালন-সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক ড. খালেকুজ্জামান বলেন, গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষার অংশ হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

তবে এ কার্যক্রম কতটা সফল হবে, তা বিভিন্ন পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে।

কারিগরি পরীক্ষা-নিরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত সব কাজ সম্পন্ন হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন হবে।

বায়েরার অনুমোদন সাপেক্ষে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে প্রথম ইউনিটটি ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভার করবে।

পরবর্তীতে প্রজ্ঞাপন জারির মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।

মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউএনবি