জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর আরো ঋণের প্রয়োজন নেই, প্রয়োজন অনুদান। কারণ ঋণের বোঝা এসব দেশের অর্থনৈতিক সংকট আরো বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর উচ্চ পর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে রয়েছে বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান ০.৫ শতাংশেরও কম। এই চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নিতে চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগকেও উৎসাহিত করা হচ্ছে।

সবুজ শিল্পায়নের অংশ হিসেবে দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা, বিশেষ করে বৈদ্যুতিক যানবাহনের প্রসার এবং পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এছাড়া কার্বন বাণিজ্যের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজ চলছে বলে জানান।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, পরিবেশ রক্ষায় পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন করা হচ্ছে। এর উদ্দেশ্য জল ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা। এছাড়া উপকূলীয় পুনরুদ্ধার করা জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া এবং জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

জলবায়ু অর্থায়নে পাঁচ প্রস্তাব

জলবায়ু অর্থায়নব্যবস্থাকে অপর্যাপ্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় বোঝা তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে।

সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রস্তাবগুলো হলো—

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজনের জন্য বরাদ্দ করতে হবে। একই সঙ্গে নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ বা জলবায়ু সহনশীল ঋণ ধারা এবং ‘ডেট ফর ক্লাইমেট সোয়াপ’ বা জলবায়ু সুরক্ষার বিনিময়ে ঋণ মওকুফসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর ত্বরান্বিত করতে হবে।

পঞ্চমত, কপ৩১ সম্মেলনে একটি ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে, যার মূল ভিত্তি হবে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। একই সঙ্গে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে।

প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

বাসস