২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
শুক্রবার (২১
আগস্ট) সন্ধ্যায়
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন। তিনি
হবেন দেশের ২৪তম রাষ্ট্রপতি। এর
আগে ২৪ জুলাই রাষ্ট্রপতি
মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ
করেন। সংবিধানের বিধান অনুযায়ী, ওই দিনই জাতীয়
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব
গ্রহণ করেন। বঙ্গভবনের ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি
২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সে হিসেবে মির্জা
ফখরুল ইসলাম আলমগীর ২৪তম রাষ্ট্রপতি হচ্ছেন।
মির্জা
ফখরুল ইসলাম বৃহস্পতিবার জাতীয় সংসদ সদস্যদের প্রকাশ্য
ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৭০
অনুচ্ছেদের কারণে নিজ দলের সিদ্ধান্তের
বাইরে গিয়ে ভোট দেওয়ার
সুযোগ নেই। ফলে সংসদে
ক্ষমতাসীন বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি
সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয় আগেই নিশ্চিত
ছিল। তবু প্রতিদ্বন্দ্বী থাকায়
তফসিল অনুযায়ী গতকাল ভোট গ্রহণ করা
হয়। এর আগে ১৯৯১
সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই
রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল।
এদিন বেলা
২টা থেকে জাতীয় সংসদের
সংসদ কক্ষে ভোট গ্রহণ শুরু
হয়। ভোট গ্রহণের শেষ
সময় ছিল বিকেল ৫টা।
ভোট গণনায় সময় লাগে ২০
মিনিটের মতো। এরপর প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম
নাসির উদ্দীন ভোটের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন
৩৪৯ জন সংসদ সদস্য।
এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩
জন। আর ৬ জন
ভোট দেননি।
ফলাফল
ঘোষণার সঙ্গে সঙ্গেই সংসদ কক্ষে পাশের
আসনে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি গোলাপ ফুল
দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা
তারেক রহমান। এ সময় সংসদ
সদস্যরা বিপুল করতালি ও টেবিল চাপড়ে
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সবার উদ্দেশে হাত
নেড়ে ও সালাম দিয়ে
জবাব দেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
এরপর
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান
নিজ আসন থেকে উঠে
সামনে এগিয়ে আসেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এগিয়ে আসেন। তাঁরা দুজন কোলাকুলি করেন।
পর্যায়ক্রমে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ
তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ
ইসলামসহ কয়েকজনের সঙ্গে কোলাকুলি করেন মির্জা ফখরুল।
একপর্যায়ে সংসদ কক্ষের মাঝখানে
সংসদ নেতা তারেক রহমান
ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে
কোলাকুলি করতে দেখা যায়।
রাতে
নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল
নির্বাচিত হওয়ার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
বৃহস্পতিবার
ভোট চলাকালে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এক
বিবৃতিতে জানানো হয়, দলটির একমাত্র
সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটদানে বিরত থাকবেন। অবশ্য
বেলা ২টা ২০ মিনিটের
দিকে ওই সংসদ সদস্যকে
ভোট দিতে দেখা যায়।
পরে
সন্ধ্যায় গাজী আতাউর রহমান
প্রথম আলোকে বলেন, জুলাই সনদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় তাঁরা
ভোট না দেওয়ার সিদ্ধান্ত
নিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে
বিএনপির পক্ষ থেকে তাঁদের
আশ্বস্ত করা হয়েছে, আগামী
নির্বাচন জুলাই সনদের আলোকে হবে এবং সংবিধানের
৭০ অনুচ্ছেদ বাতিল করা হবে। এই
আশ্বাসে তাঁরা পরবর্তী সময়ে ভোট দেওয়ার
সিদ্ধান্ত নেন।