খাদ্য নিরাপত্তা, আন্তর্জাতিক মান এবং আধুনিক প্রক্রিয়াকরণ সুবিধার ওপর জোর দিয়ে বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে এক নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে।’

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের প্রাণিজ ও প্রাণিজাত পণ্যকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার জন্য ‘ফুড সেফটি’ নিশ্চিত করা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মানদণ্ড কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।

তারেক রহমান বলেন, সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার জন্য কাজ করছে। প্রাণিসম্পদ খাত শিগগিরই বৈদেশিক মুদ্রা আয়ের একটি প্রধান উৎস হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং নতুন বৈদেশিক বাজার অন্বেষণ করা প্রয়োজন।

তিনি বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার ক্ষেত্রেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, দেশের মোট প্রাণিজ আমিষ গ্রহণের ৫৬ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে। প্রাণিজ আমিষের উৎপাদন কেবল খাদ্য নিরাপত্তার বিষয় নয়, এর সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতাও জড়িত বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ উন্নয়ন এখন আর শুধু গরু ও হাঁস-মুরগি পালনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি দ্রুত একটি বাণিজ্যিক, পুষ্টি-নিরাপদ ও রপ্তানিমুখী শিল্প হিসেবে আবির্ভূত হচ্ছে।

তিনি বলেন, চলতি অর্থবছরে স্থির মূল্যে দেশের জিডিপিতে এই খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ, যেখানে কৃষি জিডিপিতে এর অবদান দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫৬ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে রপ্তানি বাবদ ১০৪ দশমিক ৬৪ লাখ মার্কিন ডলার আয় হয়েছে।

তিনি কৃষকদের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার এই খাতটিকে একটি আধুনিক প্রযুক্তিভিত্তিক, আত্মনির্ভরশীল ও রপ্তানিমুখী শিল্পে পরিণত করতে নীতিগত ও আর্থিক সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু, কৃত্রিম প্রজনন, টিকাদান, মানসম্পন্ন পশুখাদ্য এবং উন্নত খামার ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তিনি বলেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, প্রাণিজ উপজাত এবং অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণে বাংলাদেশের সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, দেশটি সম্প্রতি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ‘হ্যাচিং এগ’ বা ‘বাচ্চা উৎপাদনক্ষম’ উর্বর ডিম রপ্তানি করার সক্ষমতা অর্জন করেছে। এভাবে আমাদের নিত্য নতুন রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে। বিদেশে নিত্য নতুন প্রাণীজ পণ্যের বাজার খুঁজে বের করতে হবে।

সরকারপ্রধান বলেন, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক মানের হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের রপ্তানি সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

তিনি বলেন, সরকার আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশু, কৃত্রিম প্রজনন, টিকাদান, রোগ প্রতিরোধ, মানসম্মত খাদ্য এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও আত্মনির্ভরশীল প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে।

পোল্ট্রি শিল্পের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে বর্তমানে দুই লাখেরও বেশি বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি খামার রয়েছে, যেখান থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হয়।

তিনি বলেন, পোল্ট্রি খাতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের ৪০ শতাংশই নারী। এছাড়া এই শিল্পে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি তাদের দৈনন্দিন জীবিকার জন্য পশুপালনের ওপর নির্ভরশীল।

তিনি পশুপালকদের জন্য পশুচিকিৎসা ও রোগ প্রতিরোধ সেবা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

তারেক রহমান বলেন, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানগুলো ১৭টি প্রাণি রোগের টিকা তৈরি করেছে, যদিও এই সংখ্যা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার একটি আধুনিক টিকা উৎপাদন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

এর আগে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সপ্তাহটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে সপ্তাহটির আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরোনো বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশনা ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর প্রাণিসম্পদ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন এবং এই খাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ উন্নয়ন খাতে অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ‘জাতীয় প্রাণিসম্পদ পুরস্কার-২০২৬’ বিতরণ করেছেন।

পুরস্কারপ্রাপ্তরা আটটি স্বর্ণ ও ১৫টি রৌপ্য পদক লাভ করেন এবং পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান খায়রুল কবির খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. দেলোয়ার হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন এবং পরে প্রাণিসম্পদ প্রদর্শনী ও এই খাতের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং গবেষণা প্রদর্শনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।

ইউএনবি