ইরান শিগগিরই হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি শুরু করবে। এটা দেশটির অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আর যুক্তরাষ্ট্র যদি তাদের ট্যাঙ্কারগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে, তবে ইরান সামরিকভাবে এর জবাব দেবে।

তেহরান-ভিত্তিক গবেষক আলী আকবর দারেইনি এ কথা বলেন। তিনি বলেন, “ইরানের কৌশল হলো হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি পুনরায় শুরু করা। আমেরিকানরা যদি ইরানি ট্যাঙ্কারগুলোতে হামলা চালায় বা হয়রানি করে, তবে ইরান সামরিকভাবে জবাব দেবে; কারণ নৌ-অবরোধ হলো যুদ্ধেরই নামান্তর।”

তিনি জানান, ইরানের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে ফেলা। এই প্রক্রিয়ায় তারা ‘সামরিক ও অ-সামরিক কৌশলের’ ​​সমন্বয় ঘটাচ্ছে, যার মধ্যে ওই অঞ্চলে অবস্থিত তেল স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলা চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে।

দারেইনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত ‘হরমুজ প্রণালী দিয়ে তেল চোরাচালানের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে’। এমন কর্মকাণ্ড অব্যাহত থাকলে ইরান কোনো তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। আল জাজিরা স্বতন্ত্রভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি এবং সংযুক্ত আরব আমিরাতও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

দারেইনি বলেন, ট্রাম্প যুদ্ধে ফিরে যাননি কারণ তিনি ‘সামরিক সীমাবদ্ধতার’ মধ্যে রয়েছেন এবং ‘উত্তেজনা বৃদ্ধি ও প্রশমনের সমীকরণ’-এর ওপর নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে উদ্বিগ্ন।

দারেইনি বলেন, “ট্রাম্প যদি যুদ্ধে ফিরে যান, তবে তিনি অনেক কিছু হারাবেন; আর যদি তিনি তা না করেন, তবে তার জন্য ক্ষতির বোঝা কেবল বাড়তেই থাকবে।”

আল-জাজিরা