২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত সময়ে কেন্দ্রীয় বাজেট পাস করেছে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমা। সোভিয়েত আমলের পর প্রতিরক্ষার জন্য সবচেয়ে বড় অঙ্কের অর্থ বরাদ্দ করল পুতিনের সরকার। যেখানে ২০২৭ থেকে ২০২৯ সালে সে দেশের সামগ্রিক কেন্দ্রীয় বাজেট ১.৮৭ ট্রিলিয়ন ডলার (১ লক্ষ ৮৬ হাজার ৯২৫ কোটি ডলার), সেখানে প্রতিরক্ষার জন্য তিন বছরে ৬০৬ বিলিয়ন ডলার (৬০ হাজার ৬০০ কোটি ডলার) বরাদ্দ করা হয়েছে। তার মানে মোট বাজেটের প্রায় ৩৫.২ শতাংশ।

এই সামরিক ব্যয় আগের তিন বছরের বাজেটের চেয়ে ১২ হাজার ১০০ কোটি ডলারের বেশি। যদিও প্রতিরক্ষার খাতে বাজেট বৃদ্ধিই দস্তুর। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে দেখলে এই বাজেট বাড়ানো তাৎপর্যপূর্ণ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে মস্কো এখনও পর্যন্ত সামরিক খাতে প্রায় ৭১ হাজার কোটি ডলার খরচ করেছে। নতুন বাজেটের অধীনে তিন বছর ধরে ধাপে ধাপে বাড়বে সেই খরচ। ২০২৭ সালের শেষে হবে ৯১ হাজার ৮০০ কোটি ডলার, ২০২৮ সালের শেষে ১ লক্ষ ১০ হাজার কোটি ডলার, ও ২০২৯ সালের শেষে খরচ গিয়ে দাঁড়াবে ১ লক্ষ ৩০ হাজার কোটি ডলার। তার মানে ভবিষ্যতে যে সংঘাত বাড়বে বই কমবে না, তা কার্যত স্পষ্ট করে দিয়েছে মস্কো।

প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার। ক্রমবর্ধমান খরচ সামলাতে পুতিন সরকার সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের উপর করের বোঝা বাড়াচ্ছে। জনকল্যাণের জন্য ব্যয় কমাচ্ছে। জানা গিয়েছে, নতুন বাজেটের ফলে খনি সংস্থাগুলির উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হবে। নাগরিকদের বিনিয়োগ করা অর্থ থেকে তাঁদের যে আয়, তার উপরও অতিরিক্ত কর বসানো হবে। আর কোন কোন ক্ষেত্রে কাটছাঁট? আবাসনের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৮ শতাংশ কমানো হবে। সামাজিক সহায়তা ও পেনশনের জন্য ব্যয় কমানো হবে ৬ শতাংশ। স্বাস্থ্য পরিষেবার বাজেট কমবে ৩ শতাংশ।

ওয়াশিংটন পোস্ট