পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সোমবার (২৪ আগস্ট) তেহরান সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তেহরানে এটা মুনিরের তৃতীয় সফর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই রোববার এক বিবৃতিতে বলেন, মুনির একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এ সফর হবে ‘ইরান-পাকিস্তানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রচেষ্টার অংশ

বিবৃতিতে বলা হয়, এ সফর অঞ্চলে শান্তি ও নিরাপত্তা সুসংহত করতে পাকিস্তানের চলমান প্রচেষ্টারও অংশ।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ থামাতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুনে দেশটি একটি সমঝোতা স্মারক সম্পাদনে মধ্যস্থতা করেছিল। তবে বর্তমানে শান্তি আলোচনা কার্যত থমকে আছে।

চলতি মাসের শুরুতে পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। কয়েকজন বিশ্লেষক বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য ছিল ইরানের প্রভাব মোকাবিলা করা।